গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ ১১
গোপালগঞ্জে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্ধকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামে মঙ্গলবার সকাল ৬টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ ও চারজন আহত হয়েছেন।
গোপালগঞ্জে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, সংঘর্ষে আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১১ জনের শরীরে ছড়রা গুলি লেগেছে। গুলিবিদ্ধ একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- নাসির মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩০), হেমায়েত মোল্লা (৫০), সুজন মোল্লা (২৮), মো. বুলবুল মোল্লা (২৬), মিরাজ শেখ (৫২), মাসুদ মোল্লা (৩০), রবিউল মোল্লা (৩৫), ছাবের মোল্লা (২২), রমজান মোল্লা (২৮), তুষার মোল্লা (২০), মশিউর শেখ (৩৫), রাসেল শেখ (২০) ও উজ্জ্বল শেখ (১৮)।
মাসুদ মোল্লা বলেন, শুকতাইল ইউনিয়নে গত ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান রানা মোল্লা ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শেখ আবেদ আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলেআসছিল। সোমবার সকালে রানার সমর্থক মুরাদ শেখ ও তার ছেলে রিয়াজ শেখকে আবেদের সমর্থকেরা মারধর করে। এতে মুরাদের হাত ভেঙে যায়।
সংঘর্ষ উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে মাসুদের ভাষ্য।
এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান আবেদ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা চেয়ারম্যান হবার পর খেকেই এলাকায় দলবাজি শুরু করে দিয়ে গ্রামের মধ্যে দ্বিধাবিভক্তি করে দিয়েছেন।এলাকায় এই দ্বন্দ্ব মেটানোর জন্য তিনি বারবার বর্তমান চেয়ারম্যানকে অনুরোধ করলেও তিনি তাতে সাড়া দেননি।”
সংঘর্ষ চলাকালে ২/৩টি বাড়ি ও একটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।”
অন্যদিকে চেয়ারম্যান রানা মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে পরে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, শুকতাইল ইউনিয়নের পার চর চন্দ্রদিঘলিয়া গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা শুনেছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
