স্বামী দুই ছেলের পর চলে গেলেন রেখা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দ্গ্ধ স্বামী ও দুই ছেলের মৃত্যুর পর রেখা বেগমও চলে গেলেন।
ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১১টায় রেখার মৃত্যু হয় বলে তার চাচা শ্বশুর শরীফ হোসেন জানান।
রেখা আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মকবুল হোসেনের (৪৫) স্ত্রী।
গত ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। সেখানে পরিবার নিয়ে থাকতেন মকবুল হোসেন ।
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে মকবুলের ছেলে জুবায়েরের (৭) লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দগ্ধ মকবুল, তার স্ত্রী রেখা ও বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার মকবুল মারা যান। এরপর ২৭ ফেব্রুয়ারি মারা যায় জয়।
মকবুলের চাচা শরীফ বলেন, “রোববার থেকে রেখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। এর মধ্যেই রাতে তার মৃত্যু হয়।”
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে রেখার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
