নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক
নওগাঁর মান্দা উপজেলায় ১২ বছরের শিশুকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান।
আটক ব্যক্তি দুই সন্তানের বাবা বলে জানালেও পুলিশ তার পরিচয় বলেনি।
ওসি শাহিনুর বলেন, শনিবার রাতে শিশুটি এক ঘরে একা ঘুমিয়ে ছিল। তার বাবা-মা অন্য ঘরে ছিলেন। গভীর রাতে কৌশলে বাইরে থেকে দরজা খুলে মুখ বেঁধে তাকে ধর্ষণ করা হয়।
এলাকাবাসী জানান, শিশুর পরিবার ভূমিহীন। রাস্তার ধারে খাসজমিতে ঘর বানিয়ে বাস করছেন। তাদের আশপাশে আর কোনো পরিবার বসবাস করে না।
ওসি শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
