২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

একটি বিস্ফোরক মামলায় জেএমবি খুলনার প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরের ২০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 07:52 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।

সোমবার খুলনার অতিরিক্ত দায়রা জজ এসএম আশিকুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জিয়াউর রহমান নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাইরখোলা এলাকার বাসিন্দা।

এই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাত পৌ‌নে ১২টার দিকে খুলনা নগরের ‌মিয়াপাড়া থেকে র‌্যাব জেএম‌বির খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওর‌ফে সাব্বিরকে গ্রেপ্তার করে‌।

“জিজ্ঞাসাবাদে তিনি জঙ্গিবাদে সংশ্লিষ্ট বলে স্বীকার করেছিলেন। পরবর্তীতে আদালতেও তিনি ফেওজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ”

কাজী সাব্বির আহমেদ মামলার বরাতে আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তার দেখা‌নো স্থান থে‌কে র‌্যাব দৌলতপুর থানার `রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাস’ থেকে বিপুল প‌রিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

এই ঘটনায় ওই বছরের ৩০ ডিসেম্বর রাতে র‌্যাবের উপসহকারী পরিচালক ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বি‌স্ফোরক আই‌নে মামলা দায়ের করেছেন।  

২০০৬ সালের ১৯ জানুয়া‌রি দৌলতপুর থানার এসআই জাহেদুল হক সরকার আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দেন জিয়াউর রহমানকে আসামি করে।