২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় স্পিডবোটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে চলাচলকারী স্পিডবোটের ভাড়া সরকার নির্ধারিত থাকলেও শিমুলিয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে বাংলাবাজার ঘাটে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের ভাষ্য।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 06:58 PM

Updated : 02 Aug 2022, 03:01 PM

এদিকে, শিমুলিয়া পাড়ের স্পিডবোট ঘাটের ম্যানেজার ওয়াহিদ সরকার অভিযোগ অস্বীকার করেছেন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৩মে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর দীর্ঘ দিন এই পথে স্পিডবোট চলাচল বন্ধ থাকে। ৭ অক্টোবর বিআইডব্লিউটিএ স্পিডবোট চালকদের প্রশিক্ষণের পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া শেষে এই নৌপথে ১৪৩টি স্পিডবোট চলাচলের অনুমোদন দেয়।

এ সময় প্রত্যেকটি স্পিডবোটে ১২ জন যাত্রী বহন করা এবং জনপ্রতি ১৫০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয় প্রশাসন। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর স্পিডবোট চলাচল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

যাত্রীদের অভিযোগ, বাংলাবাজার ঘাট থেকে জনপ্রতি নির্ধারিত ১৫০ টাকার বিনিময়ে টিকেট পাওয়া গেলেও শিমুলিয়া ঘাটে আদায় করছে জনপ্রতি ১৭০ টাকা। এছাড়া উভয় ঘাটেই প্রতিটি স্পিডবোটে নির্ধারিত ১২ জনের স্থলে ১৪/১৫ জন করে যাত্রী বহন করা হচ্ছে।

ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারীকান্দিগামী যাত্রী বোরহান তালুকদার বলেন, “আমার শ্বাশুড়ি মারা গেছেন। তাই দ্রুত বাড়ি যাওয়ার জন্য স্পিডবোটে করে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে এসেছি। ওই পাড় থেকে ভাড়া ১৭০ টাকা নিয়েছে।”

আরেক যাত্রী খুলনার মংলাগামী পিযুষ বাড়ৈ বলেন, “আমার কাছ থেকেও ১৭০ টাকা ভাড়া নিয়েছে। তবে টিকেটের কোথাও ভাড়া লেখা উল্লেখ নেই। কী আর করব। আমরা তো এদের কাছে জিম্মি। যা বলে তাই দিয়ে পদ্মা পাড় হই।”

মাদারীপুরের ডাসার উপজেলা থেকে ঢাকাগামী যাত্রী রাকিবুল ইসলাম বলেন, “বাংলাবাজার ঘাটে আমি স্পিডবোটের টিকেট কেটেছি ১৫০ টাকায়। তবে বোটে ১৫ জনের মতো যাত্রী নেওয়া হচ্ছে।”

নাম প্রকাশ না করার শর্তে একজন স্পিডবোট চালক বলেন, “বাংলাবাজার ঘাটে স্পিডবোটে ভাড়া ১৫০ টাকা, শিমুলিয়া ঘাটে ১৭০ টাকা। কেন শিমুলিয়া ঘাটে বেশি ভাড়া আদায় করেন তা আমাদের জানা নেই। আমরা যাত্রীপ্রতি ১১০ টাকা পাই। আমরা এসব বিষয়ে কিছু বলতে চাই না। বলতে পারবও না ভাই।”

তবে অতিরিক্ত টাকা আদায় করা হয় না বলে দাবি করেন শিমুলিয়া পাড়ের স্পিডবোট ঘাটের ম্যানেজার ওয়াহিদ সরকার।

তিনি বলেন, “আমার এখান থেকে ১৭০ টাকা ভাড়া কাটার কথা না। যদি কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে থাকে সেটা আমাকে দেখান। আমি সেটা দেখতেই এখানে এসেছি।”

বাংলাবাজার ঘাটের স্পিডবোট মালিক সমিতির সুপারভাইজার আনিসুর রহমান রিপন বলেন, “আমরা আমাদের এপাড়ে নির্ধারিত ১৫০ টাকা ভাড়া আদায় করে থাকি। তবে শিমুলিয়া পাড়ে ১৭০ টাকা আদায় করে এ নিয়ে যাত্রীদের সাথে আমাদের ভুল বুঝাবুঝির ও সৃষ্টি হয়। যাত্রীরা মনে করে আমরা উভয় পাড়ের সবাই বুঝি এক।”

তিনি আরও বলেন, “আমরা মাদারীপুর জেলা প্রশাসনের নির্দেশ মেনে নির্ধারিত টাকার ভাড়া আদায় করে থাকি। তবে ওই পাড়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের নির্দেশ কেন মানছে না তা আমার জানা নেই।”

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, “মাদারীপুরের বাংলাবাজারা ঘাটে স্পিডবোটে নিয়মমাফিক ভাড়া ও যাত্রী বহন করলেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটগুলো বাড়তি ভাড়া আদায় করাসহ অতিরিক্ত যাত্রী বহন করছে বলে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি  নিয়ন্ত্রণে তাৎক্ষণিক নৌ-পুলিশকে অবহিত করেছি। যেহেতু শিমুলিয়া ঘাট থেকে অনিয়মটা হচ্ছে আমরা সেখানকার প্রশাসনের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টার করব।”

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল সাহা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিবন্ধিত এই নৌপথে ১৪৩টি স্পিডবোট রয়েছে। এই বোটগুলোতে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজারের বেশি যাত্রী পারাপার হয়ে থাকে।

“অতিরিক্ত ভাড়া ও যাত্রী নেওয়ার বিষয়টি আমরা মুন্সীগঞ্জের ওই পাড়ের প্রশাসনের সাথে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করব।”