২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে ট্রাকচাপায় ভ্যান আরোহী মা-মেয়ের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যানের আরোহী মা ও মেয়ের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 01:15 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান।

মৃতরা হলেন- শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার এসকান ফরাজী মেয়ে জিয়াসমিন আক্তার (৩৫) ও তার ৮ বছরের মেয়ে মাহাফুজা আক্তার।

আহত দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “জিয়াসমিন তার মেয়ে মাহাফুজাকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে শিবচর শহরে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী জিয়াসমিন ও তার মেয়ে মাহাফুজা ট্রাকের নিচে চাপা পড়ে।

“এ সময় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।