নোয়াখালীতে পিকআপের ধাক্কায় নিহত অটোরিকশার ৪ আরোহী
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
রোববার রাত পৌনে ৮টার দিকে বজরা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী জানিয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অটোরিকশার যাত্রী আমিশাপাড়া ইউনিয়নের কেশাপুর গ্রামের মৃত তবারক উল্লার ছেলে মামুনুর রহমান (৪২), যশোরের জাসিম (৪০) এবং অটোরিকশা চালক পারভেজ (৩৫)।
তদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং অপরজন অটোরিকশার চালক বলে পুলিশ জানিয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী বলেন, রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজারের সামনে সোনাইমুড়িগামী দ্রুতগতির একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, এ সময় অটোরিকশা চালক পারভেজ ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তিনজনকে মৃত এবং একজনকে আশংকাজনক অবস্থায় বর্হিবিভাগে নিয়ে আসে কিছু লোক। কিছুক্ষণের মধ্যে আহত ব্যক্তিও মারা যান।
তাদের চারজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।
