হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে, যেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির রোববার এর উদ্বোধন করেন।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত সংসদ সদস্য আবু জাহিরকে অস্থায়ী ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।
এ সময় আবু জাহির প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং হবিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটি অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করায় হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিশ্ববিদ্যালয়কে তিনি উন্নয়নের ‘বিশাল মাইলফলক’ বলে উল্লেখ করেন।
উপাচার্য আবদুল বাসেত বলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসটি উদ্বোধন করা হলো। শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে। তখন প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।
২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০টি দাবি উত্থাপন করেছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহির। ওই সভায় প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়।
এর ধারাবাহিকতায় অধ্যাপক আবদুল বাসেত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
