কিশোর প্রেম: ‘মনোমালিন্যের জেরে আত্মহত্যা’ প্রেমিক-প্রেমিকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষপানে স্কুল পড়ুয়া এক প্রেমিক-প্রেমিকা মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে; যারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান।
মৃতদের বাড়ি একই এলাকায়; তাদের মধ্যে মেয়েটির বয়স ১২ বছর এবং তার ফুফাতো ভাইয়ের বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দীর্ঘদিন আগে ছেলেটির বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে সে নানার বাড়িতে থাকতে শুরু করে। এক পর্যায়ে তার মায়ের দ্বিতীয় বিয়ে হলে ছেলেটি তার নানার বাড়িতেই থেকে যায়। অপরদিকে মেয়েটির বাবার সঙ্গে তার মায়ের সঙ্গে দীর্ঘদিন আগে বৈবাহিক বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সে তার সৎ মায়ের সংসারে বড় হয়।
“শনিবার মেয়েটির মা তার বাবার বাড়িতে যায়। এ সময় খালি বাড়িতে দুই কিশোর কিশোরীর মধ্যে প্রেম সম্পর্কিত যে কোন বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর জেরে তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে।”
পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়েটি ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাউদকান্দিতে ছেলেটি মারা যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে স্থানীয়রা বলছেন, ওই কিশোর কিশোরী একে অপরকে পছন্দ করত। কিন্তু বিষয়টি পরিবারের পক্ষ থেকে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, “বিষয়টি আমি জেনেছি এবং স্থানীয় মেম্বারকে খোঁজখবর নেওয়ার জন্য বলেছি।”
ওসি শাহজাহান বলেন, মৃতদের শরীরে নির্যানের চিহ্ন বা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যর মামলা করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
