সাভারে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত ৩০
ঢাকার সাভার উপজেলায় যুবলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের লোকজনের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল ও দিঘিরপাড় এলাকায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় ও ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয়।
আশুলিয়া থানার এসআই নূর মোহাম্মদ বলেন, “আহতদের মধ্যে প্রায় ২০ জনকে গুরুতর অবস্থায় বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে এবং এনাম মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
হামলার ঘটনায় যুবলীগ সভাপতি ও ওয়ার্ড সদস্য একে অপরের ওপর দায় চাপিয়েছেন।
যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, তার চাচা শাহ আলম খান এলাকায় ডিশ লাইনের ব্যবসা করেন।
“জাহাঙ্গীর আলম ইউপি সদস্য হয়ে চাচার কাছে মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় জাহাঙ্গীর আলম হামলার ঘটনা ঘটিয়েছেন।“
তবে আমির হোসেনের বক্তব্য মিথ্যা দাবি করেছে জাহাঙ্গীর আলম।
তিনি সাংবাদিকদের বলেন, জয়ের চাচা শাহ আলম খান দীর্ঘদিন ধরে ডিশ লাইনের ব্যবসা করে আসছেন।
”কে বা কারা তার ডিশের লাইন কেটে দিয়েছে সেই অভিযোগে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছেন তারা। এ বিষয়ে আলোচনা করার কথা থাকলেও জয়ের বাহিনী আমার লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অনেকে গুরুতর আহত হয়েছেন।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসআই নুর মোহাম্মদ বলেন, উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারামারির ঘটনায় অন্তত ৩০ জন আহত হলেও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলা গ্রহণ করা হবে।
