রাতে ‘ফেইসবুকে স্ট্যাটাস’, সকালে কলেজছাত্রীর লাশ উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় ‘ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া’ এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকার বাসা থেকে ১৯ বছর বয়সী এই ছাত্রীর লাশ উদ্ধার করা হয় বলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান।
সদর উপজেলার হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তেন এই শিক্ষার্থী।
ছাত্রীর বোন সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে বোনের সাড়া পাননি। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাকে।
“এর আগে সে শুক্রবার মধ্যরাতে ফেইসবুকে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দিয়েছে, যা আমরা পরে দেখেছি।”
কলেজছাত্রী সঙ্গীতশিল্পী ছিলেন। ‘আত্মহত্যার’ কারণ বলতে পারেননি পরিবারের সদস্যরা।
ওসি ফিরোজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যশোর ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
