২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর বিলে যুবকের লাশ, শরীরে ‘ছুরিকাঘাতের চিহ্ন’

কক্সবাজারের রামু উপজেলায় বিলের মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 12:43 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শনিবার সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা চেকপোস্ট এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন।

১৮ থেকে ২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় ও ঠিকানা জানতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “নিহত যুবকের পরনে হাফহাতা গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একজনের লাশ দেখতে পায়। পরে তারা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানাকে জানায়।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি।