২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তা বরখাস্ত ফরিদপুরে

ইউপি নির্বাচনে দুই প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুরে এক উপজেলা নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত পত্রে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

বরখাস্ত মোহাম্মদ সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রার্থীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (সংস্থাপন-১) মো. জিলহাজ উদ্দিন ও তিনি নিজে [জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান] এই কমিটির সদস্য।

তদন্তে তারা অভিযোগের সত্যতা পান বলে হাবিবুর রহমান জানান।

বরখাস্তের আদেশে বলা হয়, নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাদের বিরুদ্ধে উপজেলার গাজীরটেক ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী আব্দুর রউফ ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসানুল হক মামুনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।