আশুলিয়ায় সড়কের পাশে নারীর কাঁথা মোড়ানো মরদেহ
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় সড়কের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আনুমানিক ৩০/৩৫ বছরের এই নারীর লাশ কাঁথা মোড়ানো এবং রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান।
এসআই দেলোয়ার বলেন, রাঙ্গামাটি এলাকায় একটি কালভার্ট সংলগ্ন সড়কের পাশে মানুষের হাত বের করা কাঁথা মোড়ানো লাশ দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এসআই দেলোয়ার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ৩/৪ দিন আগের। অন্য কোথাও তাকে হত্যার পর রাতের বেলা এখানে লাশ ফেলে যেতে পারে। শরীরে পচন ধরার কারণে কীভাবে হত্যা করা হয়েছে তার ধারণা পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনান্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
