২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুলাহাজারা সাফারি পার্কের সিংহরাজ ‘সোহেলের’ মৃত্যু

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহরাজ ‘সোহেল’ মারা গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 02:01 PM

Updated : 28 Apr 2022, 11:43 PM

বৃহস্পতিবার সকালে ২২ বছর বয়সী সিংহ সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

এ ঘটনায় বুধবার রাতে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান তিনি।

জিডিতে মাজহারুল উল্লেখ করেন, বুধবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারায় সাফারি পার্কের সিংহের বেষ্টনীর ভেতরে সিংহরাজ ‘সোহেল’ নিথর হয়ে যায়।

মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সিংহটিকে ২০০৪ সালে ডুলাহাজারা সাফারি পার্কে আনা হয়। তখন সেটির বয়স ছিল ৪ বছর। বিগত ৩-৪ বছর ধরে সিংহটি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল।

সাফারি পার্কের এ তত্ত্বাবধায়ক বলেন, বার্ধক্যের উল্লেখযোগ্য সব লক্ষণ সিংহটির শরীরে ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছিল। বিগত ২০১৯ ও ২০ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক পৃথকভাবে সিংহটির চিকিৎসা করেন। তারাও পর্যবেক্ষণে সিংহটির আয়ুষ্কাল শেষের দিকে বলে তখন উল্লেখ করেছিলেন।

প্রকৃতিতে একটি সিংহ স্বাভাবিকভাবে ১৫-১৮ বছর বাঁচে বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপন নন্দী ও পার্কের ভেটেনারি সার্জন ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন মৃত সিংহের ময়নাতদন্ত করেন।

কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের অধীনে ফাসিয়াখালী রেঞ্জে ৮০’র দশকে গড়ে তোলা হরিণ প্রজনন কেন্দ্রকে ১৯৯৯ সালে সাফারি পার্কে রূপান্তর করা হয়।

৯০০ হেক্টর জায়গা নিয়ে গড়ে তোলা এ সাফারি পার্কের অভ্যন্তরীণ বেষ্টনীর মধ্যে রয়েছে বাঘ, সিংহ, জেব্রাসহ বিভিন্ন ধরনের ৩০৬ ধরনের প্রাণী। তার বাইরে আছে বিভিন্ন ধরনের আরও কিছু প্রাণী।

এছাড়া পার্কে বিপুল পরিমাণ মাদার ট্রিসহ (গর্জন) নানা প্রজাতির বনজ গাছ রয়েছে। পার্কটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে।