সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম: ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে কুপিয়ে জখম করার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ জানান, বুধবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব হাসান, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক মনির হোসেন ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া।
এর আগে ১৫ জানুয়ারি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে নিজ গ্রাম গান্দাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুপায়ের নিচের অংশে জখম করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায়।
এ ঘটনায় সরোয়ারের বোন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ চারজনের জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনার পর এই ছাত্রলীগের নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় ছাত্রলীগ ওই পাঁচজনকে বহিষ্কারের সিন্ধান্ত নেয় বলে জানান আব্দুল্লাহ বিন।
