কুষ্টিয়ায় প্রকাশ্যে ভ্যানচালককে ছুরি মেরে হত্যা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রকাশ্যে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে; এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
নিহত ভ্যানচালক জাহিদুল ইসলাম (৩০) খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি গণমাধ্যমকে বলেন, “কোনো বিষয় নিয়ে জাহিদুলের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে কাছে থাকা ছুরি দিয়ে ভ্যানচালকের গলায় আঘাত করে। জাহিদুল রাস্তায় লুটিয়ে পড়ে।
“স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, স্থানীয়রা ঘটনায় জড়িত সন্দেহে ওবাইদুর রহমান জুয়েলকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে। তিনি কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
