সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে পিপি আব্দুর রহমান জানান।
দণ্ডিত শফিকুল ইসলাম (৩০) কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মধু’র ছেলে।
মামলার বরাতে পিপি আব্দুর রহমান জানান, ২০১৪ সালের পহেলা অক্টোবর শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিল। এ সময় বড় ভাই বাধা দিলে তাকে (ভাই) কুপিয়ে আহত করেন শফিকুল। পরে তাদের বাবা আব্দুল মান্নান মধু শফিকুলকে থামাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।
পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
