পানি ‘না দিয়েও’ টাকা, আদালতে কুষ্টিয়ার পৌরবাসী
মাত্র ৪০ শতাংশ ভোক্তাকে পানি সরবরাহ করে শতভাগ হোল্ডিং থেকেই টাকা আদায় করছে কুষ্টিয়া পৌরসভা; এর প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্ষুব্ধ নাগরিকরা।
অর্ধশত নাগরিকের পক্ষে অ্যাডভোকেট মো. নওশের আলী ৮ ডিসেম্বর পৌর কর্তৃপক্ষের আচরণকে ‘চরম নৈরাজ্য ও স্বেচ্ছাচারমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিকার ও টাকা আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন।
কুষ্টিয়া সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক রাশেদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করেন। পৌরসভার পানি ব্যবস্থাপনা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দাখিলের জন্য সময় প্রার্থনা করেন।
আদালত পৌর কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ২০ এপ্রিল সন্তোষজনক ব্যাখ্যা দাখিলের আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী নওশের আলী।
তিনি আরও বলেন, “আমি এবং আরও ৪৯ জন যাদের বাসায় পৌরসভা পানি দেয় না; কিন্তু আমাদেরকে ৫০০ টাকা করে দিতে বাধ্য করে তাদের পক্ষে আমি মামলাটি করেছি। আদালত পৌরসভার কাছে ব্যাখ্যা চেয়েছে।”
আবেদনে বিবাদী করা হয়েছে কুষ্টিয়া পৌসভার মেয়র, নির্বাহী প্রকৌশলী, সচিব, সহকারী প্রকৌশলী (পানি) এবং মোকাবিলা বিবাদী করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসককে।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর এলাকায় নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাত হলো পানি সরবরাহ। দীর্ঘদিন ধরেই এখানে চাহিদার তুলনায় পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি আছে।
“ঘাটতি পূরণে এরই মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন এলাকায় সাব-মার্জেবল বোরিং স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে শুষ্ক মৌসুমে শতভাগ না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের পানির যোগান দেওয়া সম্ভব হবে,” যোগ করেন মেয়র।
পৌরসভার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়া পৌরসভা নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহে সক্ষমতা বহির্ভূত এলাকার মানুষ জীবনধারণের জন্য নিজ নিজ উদ্যোগে টিউবওয়েল, সাব-মার্জেবল বোরিং করে বাসাবাড়িতে পরিবার-পরিজনের নিত্য এই পানি সংস্থানের ব্যবস্থা করেছেন। অথচ কুষ্টিয়া পৌরসভার পানি বিভাগের লোক পরিচয় দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জন এসে নানা ভয়ভীতি প্রদর্শন করে পানির বোরিং বন্ধ অথবা অপসারণ করে নেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছে।
“কখনও-বা পৌরসভার সিল মোহরযুক্ত নোটিশ এনে হাতে ধরিয়ে দিয়ে পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এমন অন্যায় ও অবৈধ টাকা আদায়ের মাধ্যমে চরমভাবে তিক্ততার সৃষ্টিসহ বিক্ষুব্ধ করে তুলেছে পৌর নাগরিক সমাজকে।”
এজাহারে আরও বলা হয়, পৌর কর্তৃপক্ষের এই ‘অন্যায়’ ও ‘স্বেচ্ছাচারিতার’ বিরুদ্ধে বিচারিক প্রতিকারসহ নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলার বিবাদীরা।
মামলার বাদীদের একজন কুষ্টিয়া উপজেলা সড়কের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস। তার বাসায় পৌরসভার লাইন নেই; কিন্তু তিনি পানি সেবা কর দিচ্ছেন।
তিনি বলেন, “পৌরসভার আচরণ হচ্ছে- ‘ভাত দেওয়ার ভাতার না, কিল মারার গোসাই’য়ের মতো। সোজা কথা হচ্ছে, আপনি আমাকে সেবা দিবেন, আমার কাছ থেকে সেবার কর নিবেন। পানি দিবেন না, আবার অন্যায়ভাবে জুলুম করে টাকা নিবেন কেন? কোথাও এটা নাই। সেজন্য আমরা বাধ্য হয়ে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।”
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “৪২ দশমিক ৭৯ বর্গকিলোমিটারের পৌরসভায় প্রায় ৮৬ হাজার পরিবারে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস করে। পৌরসভার মোট হোল্ডিং সংখ্যা ৩৬ হাজার ৩০২টি। এর মধ্যে পানির গ্রাহক ১০ হাজার ৬৫৩টি হোল্ডিং। অর্থাৎ ৪০ শতাংশ হোল্ডিং পানি পায়।
প্রতিটি পারিবারে দিনে প্রায় এক ঘনমিটার করে পানি সরবরাহ করা হয় জানিয়ে প্রকৌশলী বলেন, পৌরসভা প্রতিদিন ১০ হাজার ৪০০ ঘনমিটার পানি উৎপাদন ও সরবরাহ করে।
“এ ছাড়া তিন হাজার ৫০০ হস্তচালিত চাপকল, এক হাজার ৩৬৫টি সাব-মার্জেবল মোটর এবং ২৮৯টি জেড-টাইপ মোটর (চাপকল বোরিংয়ের সঙ্গে সংযুক্ত) অনুমোদন দিয়েছে পৌরসভা।”
রবিউল ইসলাম বলেন, তবে বাস্তবে ধারণা করা হচ্ছে যে, পৌরসভার অনুমোদন ছাড়া আরও অন্তত সহস্রাধিক সাব-মার্জেবল এবং জেড-টাইপ পাম্প রয়েছে।
তবে পৌরবিধি মতে, পৌর এলাকার যেখানেই বসবাস করেন না কেন অবশ্যই পানি সেবা কর দিতে বাধ্য বলে দাবি করেন নির্বাহী প্রকৌশলী।
পৌরসভার যে এলাকার মানুষ পানি নিয়ে সবচেয়ে বেশি সংক্ষুব্ধ তার মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড অন্যতম।
ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনার সক্ষমতা এখনও পর্যন্ত চাহিদার তুলনায় একেবারেই সামান্য। বিশেষ করে শুষ্ক মৌসুমে আমার এলাকার জনগণ পানির সংকটের মুখে পড়েন।”
বিষয়টি অনেকবার পৌর পরিষদে উত্থাপন করেছেন জানিয়ে কাউন্সিলর বলেন, “ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন মেয়র। সেবা না দিয়ে ওই খাত থেকে টাকা আদায়ের বিষয়ে অনেকেই ক্ষুব্ধ, নানা অভিযোগ করেছেন। কিন্তু পৌরবিধি অনুযায়ী, এই পানি ট্যাক্স আদায় করে পৌর কর্তৃপক্ষ।”
এর বেশি কিছু জানতে চাইলে সরাসরি মেয়রের সঙ্গে কথা বলার অনুরোধ করেন কাউন্সিলর।
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদরী শাকিল বলেন, পৌসভার সর্বমোট হোল্ডিং সংখ্যা প্রায় ৩৬ হাজার। এর মধ্যে মাত্র ১০ হাজার হোল্ডিংয়ে পানি দিতে পারে পৌরসভা। বাকিরা নিজ নিজ উদ্যোগে হস্তচালিত চাপকল, জেড-টাইপ পাম্প টিউবয়েল এবং বিভিন্ন সাইজের সাব-মার্জেবল স্থাপন করে পানির চাহিদা পূরণ করছেন।
“এ জন্য পৌরসভাকে দিতে হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে ৮৭ হাজার টাকা; ক্ষেত্রবিশেষে তারও বেশি টাকা আদায় করছে পৌরসভা। এ ছাড়া ওইসব হোল্ডিংধারীদের কাছ থেকে মাসিক পানি সেবা কর আদায় করছে। হিসাব মতে, হোল্ডিং প্রতি ৫০০ টাকা করে কোটি কোটি টাকা আদায় করলেও পানি সেবা খাতের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেই পৌরসভার,” যোগ করেন শাকিল।
কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে বলেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। স্থান-কাল বাস্তবতায় উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে পৌর পরিষদের কিছু এখতিয়ার আছে; তবে এখতিয়ার বা ক্ষমতা যাই থাক না কেন সেটা কোনোভাবেই জনস্বার্থ বিরোধী হবে না। তেমন কোনো ঘটনায় কেউ সংক্ষুব্ধ হলে অবশ্যই তারা প্রতিকার চাইতে পারেন।”
