২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাল্গুনে কাটল গদখালীর মন্দা, নজর এখন বৈশাখে

পহেলা ফাল্গুনে বসন্তবরণ, ভালবাসা দিবস আর একুশে ফেব্রুয়ারির বাজারকে কাজে লাগিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত দুই বছরের মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছে যশোরের গদখালীর ফুলচাষিরা; যাদের চোখ এবার স্বাধীনতা দিবস আর পহেলা বৈশাখের দিকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 04:27 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম সোমবার বলেন, “মহামারীর কারণে আমরা কোনো টার্গেট নির্ধারণ করতে পারছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত বেচাকেনা ভাল হয়েছে। সবাই খুব খুশি। গত দুই বছর তো চাষিদের খুব ক্ষতি হয়েছে। এবার কিছুটা কেটেছে।

“ধারণা করা যায়, পহেলা ফাল্গুন আর ভালবাসা দিবসে এখানকার প্রায় ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর একুশে ফেব্রুয়ারিতে আরও প্রায় ১০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।”

আব্দুর রহিমের ভাষ্য, এখন এখানকার চাষিরা ২৬ মার্চ স্বাধীনতা দিবস আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাগান সাজাবে। আশা করা যায়, তখনও হয়তো আরও পাঁচ কোটি টাকার বেশি ফুল বিক্রি হবে। এবারের আবহাওয়া অনুকূলে, উৎপাদন ভালো। 

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও ঝিকরগাছা উপজেলা কৃষি কার্যালয় জানায়, জেলার আট উপজেলায় ফুলের চাষ হয়। এর মধ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারার প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষক প্রায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে ফুলের আবাদ করেন।

ধারণা করা হয়, দেশের প্রায় ৭৫ শতাংশ ফুলের জোগান দিয়ে থাকে গদখালীর বাগান। ঝিকরগাছা উপজেলার গদখালীর মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে টিউলিপ, লিলিয়াম, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১৩ ধরনের ফুল।

প্রতিদিন সূর্য ওঠার আগেই চাষি, পাইকার, মজুরের হাঁকডাকে মুখর হয়ে উঠে যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের এই ফুলের রাজ্য।

রোববার সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে ফুল কিনতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এসেছেন। সকাল থেকেই বিভিন্ন রুটের বাসের ছাদে স্তূপ করে সাজানো হচ্ছে ফুল। পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা-চট্টগ্রামের মতো বড় বড় শহরে ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানে ভরে ফুল পাঠানো হচ্ছে।

হাঁড়িয়া নিমতলা গ্রামের ফুলচাষি আশরাফ হোসেন (৫০), আলতাফ হোসেন (৩৫), আসলাম হোসেন (৫০), রুহুল আমিন (৫৫), সাকিল হোসেন (১৮), শরিফপুরের মোহাম্মদ স্বাধীন (২০), গদখালীর আব্দুস সোবহান (৪৫), নন্দী ডুমুরিয়া গ্রামের গোলাম রসুল (৬০), সৈয়দপাড়ার সোহেল রানা (৪০) ও পটুয়াপাড়া গ্রামের লোকমান শেখ সবাই বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকমকে জানালেন এবারে তাদের অভিজ্ঞতার কথা।

তারা জানান, এবার ভালবাসা দিবসের বড় আকর্ষণ ছিল নেদারল্যান্ডসের জাতীয় ফুল ‘টিউলিপ’ ও সুগন্ধি ফুল 'লিলিয়াম'। এ ছাড়া রঙিন গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা ও নানা রঙের গোলাপ তো ছিলই। গাঁদা ফুল বেশি বিক্রি হয়েছে একুশে ফেব্রুয়ারি আর বসন্তবরণ উৎসবে।

চাষি আশরাফ হোসেন বলেন, “বসন্তের আগের কয়দিনে ১৭ কাঠা জমির গাঁদা ফুল বিক্রি করিছি ৭০ হাজার টাকায়। গত বছর এই সময় মাত্র ২০০ টাকার ফুল বিক্রি করতে পেরেছিলাম।”

গদখালীর ফুলচাষি আব্দুস সোবহান বলেন, “করোনা মহামারীতে গত দুই বছর মোটেও ফুল বিক্রি করতি পারিনি। এ বছর বসন্তবরণ, ভালবাসা দিবস আর ভাষা  দিবসে লক্ষাধিক টাকার ফুল বিক্রি করিছি। ফুলের দাম ভালো পাওয়ায় এলাকার ফুলচাষিদের গুমড়া মুখে অন্তত হাসি ফুটেছে।“

ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের পাঁচটি উৎসবে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন পানিসারার পটুয়াপাড়া গ্রামের ফুলচাষি লোকমান শেখ। তিনি ১৫ কাঠা জমিতে জারবেরা আর দেড় বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন।

লোকমান বলেন, “গেল বছর এই সময়ে ১০ হাজার টাকার ফুলও বিক্রি করতি পারিনি। এবার এই সময়ে তিন দিবসে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করিছি।“

শরীফপুর গ্রামের ফুলচাষি মোহাম্মদ স্বাধীন (২০) বলেন, “২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তিন দিনে এক লাখ টাকার জারবেরা ফুল বিক্রি করিছি। রোববার ১৬ হাজার গাঁদা ফুল ১০ হাজার টাকায় বিক্রি করিছি।“

নীমতলা গ্রামের গোলাপ চাষি সাকিল হোসেন (১৮) বলেন, “২১ ফেব্রুয়ারি উপলক্ষে তিন দিনে প্রায় ৫০ হাজার টাকার গোলাপ বিক্রি করেছি। গত বছর এ সময় ফুল বিক্রিই করতি পারিনি। এবার আমরা দারুণ খুশি।”

গদখালী ফুলচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহম্মদ বলেন, করোনাভাইরাস কিছুদিন আগেও ফুল চাষিদের গলার ফাঁস হয়ে তাদের সব স্বপ্ন কেড়ে নিয়েছিল। এই ফেব্রুয়ারির তিনটি দিবস উপলক্ষে ফুলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় সেই ফাঁস এখন চাষিদের গলার মালা হয়ে ধরা দিয়েছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যশোরের ঝিকরগাছা উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৬২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। ফুলচাষের সঙ্গে এখানকার প্রায় সাড়ে ছয় হাজার কৃষক এবং প্রায় এক লাখ শ্রমিক সম্পৃক্ত রয়েছে।”

তিনি আরও জানান, এ বছর ২৭২ হেক্টর জমিতে গ্লাডিওলাস, ১৬৫ হেক্টর জমিতে রজনীগন্ধা, ১০৫ হেক্টর জমিতে গোলাপ, ৫৫ হেক্টর জমিতে গাঁদা, ২২ হেক্টর জমিতে জারবেরা এবং অন্যান্য ফুল চাষ করা হচ্ছে প্রায় ছয় হেক্টর জমিতে।

‘গদখালী ফ্লাওয়ার মার্কেট’ নামক অনলাইনের ফুলবিক্রেতা আল আমিন বলেন, গদখালীতে প্রতি পিস টিউলিপ ২০০ টাকা, লিলিয়াম প্রতি পিস ১৫০ থেকে ২০০টাকা, প্রতি পিস গোলাপ রংভেদে ১৫ থেকে ২০ টাকা, চায়না রোজ ২৫ থেকে ৩০ টাকা, রজনীগন্ধা স্টিক ১০ থেকে ১৫ টাকা, রঙিন গ্লাডিওলাস রংভেদে ১০ থেকে ১৫ টাকা, জারবেরা প্রতিটি ১৫ থেকে ২০ টাকা, গাঁদা প্রতি হাজার এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, রডস্টিক প্রতি বান্ডিল ১৫০ টাকা, জিপসির পাতা প্রতি আঁটি ৪০ টাকা ও কামিনীর পাতা প্রতি আঁটি ৬০ টাকায় বিক্রি হয়েছে।