উখিয়ায় ক্যাম্পে ‘মাদক কারবারের’ বিরোধে ২ জন গুলিবিদ্ধ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, ‘মাদক কারবার’ ঘিরে এই বিরোধের সৃষ্টি বলে পুলিশের ভাষ্য।
রোববার বিকালে লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক এবং অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে এপিবিএন।
আটক ব্যক্তি লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের বাসিন্দা নুর কাশেমের ছেলে আবুল হাশিমের ভাই বলে জানিয়েছে এপিবিএন। তবে তার নাম জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার নাইমুল বলেন, রোববার বিকালে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকে মাদক ব্যবসায়কে কেন্দ্র করে ২/৩ জন লোক প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য অতর্কিত গুলি চালায়। এতে দুইজন আহত হয়।
“গুলির শব্দ শুনে এপিবিএন-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।”
চিকিৎসকের বরাতে কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, সন্ধ্যায় মাথায় আঘাতপ্রাপ্ত দুই রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় গুলির আঘাত রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
