২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে পাথর নিক্ষেপে রাবি শিক্ষার্থী আহত: নিরাপদ রেল ব্যবস্থার দাবি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও এতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 03:36 PM

Updated : 28 Apr 2022, 11:41 PM

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে এ মানববন্ধনে নিরাপদ রেল ব্যবস্থার দাবি তোলেন তারা।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশফাকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টায় মহানন্দা এক্সপ্রেসে রাজশাহী আসার সময় আড়ানী থেকে হরিয়ানার মাঝামাঝি পথে পাথর নিক্ষেপে আহত হন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী এম এ আজিজ।

আশফাকুরের সঞ্চালনায় মানববন্ধনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ওসমান গনী বলেন, “আজিজের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বিভিন্ন সময়ে রেলভ্রমণ আমাদের জন্য অনিরাপদ হয়ে উঠছে এবং আমাদের ঝুঁকির কারণও হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে পাথর নিক্ষেপের ঘটনাগুলোর যদি প্রতিকার না করা হয় তাহলে রেলভ্রমণ সকলের জন্য আরও ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

“আমরা চাই আর কারও সাথে যেন এমন পাথর নিক্ষেপের ঘটনা না ঘটে। দ্রুতই ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শাস্তির আওতায় আনা হোক।”

আশফাকুর সাংবাদিকদের বলেন,“গণমাধ্যমে আমরা প্রায়ই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অনেককে আহত হতে দেখি। কিন্তু এসব ঘটনায় কখনও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না। দেশের যে সকল স্থানে এই এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সে স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালিয়ে দুর্বৃত্তদের খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমরা এখানে শুধুমাত্র আজিজের জন্য দাঁড়াইনি। আমরা প্রত্যেকে একেকজন সম্ভাব্য আজিজ। তাই আমাদের সার্বিক নিরাপত্তার জন্য একটা নিরাপদ রেল ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্বৃত্তরা কেন এমনটা করছে এবং কিসের ভিত্তিতে এ প্রশ্নগুলোর কারণও খোঁজা দরকার বলে মনে করি।”

আজিজের সহপাঠী নিয়ন শাহরিয়ার আপন বলেন, “আমরা ট্রেনে ভ্রমণ করি নিরাপদ একটা ভ্রমণের জন্য কিন্তু সেখানেও আজ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সড়ক নিরাপদ নয়, রেলপথ নিরাপদ নয় আমরা আজ কোথায় ভ্রমণ করব।”

“আজিজের সাথে ঘটে যাওয়া ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে সেজন্য দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও একটা নিরাপদ রেল ব্যবস্থার দাবি জানাই।”