গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, একজনের কারাদণ্ড
গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর এক হামলায় উপজেলা ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলার বরমী বাজারের পল্টন মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার জানান।
আহতরা হলেন- অফিস সহায়ক মঞ্জুরুল, নাজমুল ইসলাম, মো. রোকনুজ্জামান ও গাড়ি চালক মামুন হোসেন।
দণ্ডিত নাইম সরকার (২২) শ্রীপুরের বরমীর পাঠানটেক এলাকার আব্দুল্লাহ্ আল বাকীর ছেলে।
উজ্জ্বল বলেন, “সরকারি বিধিমোতাবেক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী বৃহস্পতিবার বিকালে জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মো. ফাইজুল্লাহ্কে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে উপজেলার বরমী বাজারে যান।
সেখানে পৌঁছানোর পর গাড়ি থেকে নামা মাত্রই বাজারের কয়েকজন ব্যবসায়ীর নেতৃত্বে দুই শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের লোকজনের উপর হামলা চালায়।”
এ ঘটনায় ভূমি অফিসের চার কর্মচারী আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে নাইম সরকার নামে একজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, দণ্ডিত নাইমকে শুক্রবার কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
