ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের টিকা নিতে এসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা লাঠিপেটার শিকার হয়েছেন।
হাসপাতালের টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে; যা জেলা প্রশাসনের নজরেও নজরে এসছে।
ঠাকুরগাঁওয়ের ডিসি মো. মাহবুবুর রহমান বলেন, “টিকা নিতে আসা ছাত্র-ছাত্রীদের লাঠিপেটা কোনোভাবেই কাম্য নয়। এটি অবশ্যই খতিয়ে দেখা হবে।”
ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে দেখা গেছে, বৃহস্পতিবার সকালে সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। ভেতরে বাঁ পাশের লাইনে ছাত্র ও ডান পাশে ছাত্রীরা দাঁড়িয়ে অপেক্ষা করেন। ভিড়ের মধ্যে শিক্ষার্থীরা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকলেও অনেকের মুখে মাস্ক ছিল না। সকাল ১০টার দিকে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে হাসপাতালের ১০-১২ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করেন। লাঠি থেকে বাঁচতে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। অনেকেই পাশের নর্দমায় পড়ে আহত হন।
তবে কে্ন্দ্রটিতে রেড ক্রিসেন্টের পোশাকধারী ১০-১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করলেও তারা কাউকে লাঠিপেটা করেননি।
বিশৃঙ্খলা, হুড়োহুড়ি আর লাঠিপেটার ঘটনা ঘটার পর অনেকে টিকা নিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফেরেন।
সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ বলেন, জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী এক লাখ ৬২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। গত বছর ২৮ ডিসেম্বর জেলায় এ কার্যক্রম শুরু হয়। বুধবার পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৫০২ শিক্ষার্থীকে প্রথম ডোজ ও ৬২ হাজার ৮৮ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদানকেন্দ্রে বুধবার তিন হাজার ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার টিকা নিতে আসা শিক্ষার্থী সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়।
“টিকাগ্রহীতার সংখ্যা বেশি হওয়ায় তাদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে। এটা সামাল দিতে স্বেচ্ছাসেবকেরা হয়ত হাতে লাঠি নিয়েছিলেন। এটা শোনামাত্রই সেখানে গিয়েছি এবং তাদের হাত থেকে লাঠি সরিয়ে ফেলেছি।”
তবে শিক্ষার্থীরা বলছেন লাঠপেটায় আট থেকে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
লাইনে দাঁড়িয়ে থাকা সদর উপজেলার আখানগর উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, “স্বেচ্ছাসেবকরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও লাঠিপেটা করেছে। টিকা নিতে এসে যদি মারপিটের শিকার হতে হয় এটা দুঃখজনক। তাই টিকা না নিয়ে বাড়ি চলে যাচ্ছি।”
একই বিদ্যালয়ের একজন ছাত্রী অভিযোগ করেছেন, লাঠিপেটা থেকে বাঁচতে গিয়ে তারা তিন সহপাঠী নর্দমায় পড়ে আহত হয়েছেন।
