শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন চার সহকারী প্রক্টর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ।
রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার এ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়া চারজন হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাভেদ কায়সার ইবনে রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা।"
দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ সুযোগ-সুবিধা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টরিয়াল বডিতে নতুন করে এই চারজন যুক্ত হলেন।”
উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি দিয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইলকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।
