২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো 'অনলাইন ক্লাস'

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক মাস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পর ’অনলাইন ক্লাস’ দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 09:45 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা বাধ্যতামূলক না করে বিভাগগুলোর উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সম্মতিতে ক্লাস করাতে পারবেন। 

রোববার সিন্ডিকেটের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে ’অনলাইন ক্লাস’ শুরু করতে পারবে বিভাগগুলো। এছাড়া সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে বলে ওই বৈঠকে জানানো হয়।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারংয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মাদ মহসিন আজিজ খান বলেন, "আমাদের বিভাগের কয়েকজন শিক্ষক অনলাইনে ক্লাস নিয়েছেন। অনলাইন ক্লাস বাধ্যতামূলক না হলেও শিক্ষার্থীদের সম্মতিতে ক্লাস নিয়েছেন কয়েকজন শিক্ষক।" 

এর আগে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৪ দিন পর ৩১ মার্চ থেকে অনলাইনে কার্যক্রম শুরু করা হয়।

মহামারীর প্রাদুর্ভাবের ফলে বিশ্ববিদ্যালয়টি দেড় বছরের অধিক সময় বন্ধ থাকলেও ক্লাস ও পরীক্ষা চলমান ছিল।

২০২১ সালের ২ নভেম্বর সশরীরে ক্লাস শুরু হয়। তবে বন্ধের সময় অনলাইন ক্লাসের মাধ্যমে দুটি সেমিস্টারের ক্লাস ও ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়। 

এরপর বছরের শুরুতে আন্দোলনের মুখে একমাস বন্ধ থাকার পর রোববার সিন্ডিকেটের বৈঠকে মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু করতে পারবে’ বলে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশেই কয়েকটি বিভাগ অনলাইন ক্লাস শুরু করে।

গত বছর অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদেরকে ফ্রি ইন্টারনেট ও অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন কেনার জন্য ৮ হাজার টাকা করে ঋণ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।