গাজীপুরে সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ২ প্রাণহানি
গাজীপুরের কোনাবাড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে কোনাবাড়ি থানার ওসি মো. আবু সিদ্দিক জানিয়েছেন।
নিহত আব্দুল আজিজ মোল্লা (২৫) কুমিল্লার দেবিদ্ধার উপজেলার গুনাইঘরের মো. বশির হোসেন মোল্লার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চর বাঙ্গালিয়ার লাবুর ছেলে অজিত অপুর্ব নিখিল (২৯)।
তারা দুজনেই ঢাকার বনানীর ’শেয়ার ট্রিপ’ নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।
কোনাবাড়ি থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, দুই জন একই মোটরসাইকেলে করে গাজীপুর নগরীর টঙ্গী থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রার দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
