২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু হবে: মাহবুব আলী

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 06:27 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, “ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ শেষ হলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কোভিড-১৯ মহামারীর মধ্যেও বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। ইতোমধ্যে রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণসহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এ টার্মিনাল উপযোগী নয় জানিয়ে তিনি বলেন, “ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত।”

তা সত্ত্বেও যুক্তরাজ্যের ’ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট’-এর সঙ্গে পরামর্শ করে নির্দেশনা অনুযায়ী এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

মাহবুব আলী বলেন, ১১৬টি পাইলিংয়ের মধ্যে আজ প্রথম পাইলিংয়ের বোরিং শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের কাজ শেষ করা হবে।

“এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে।”

সম্প্রতি বিমান ভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কীভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায় এটি নিয়ে চিন্তা-ভাবনা চলছে।”

এছাড়া কোভিড-১৯ মহামারীর কারণে যাত্রীদের চাপ বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলায় ফ্রিকুয়েন্সিও বাড়ানো যাচ্ছে না। বিমানবন্দর পুরোপুরি অপারেশনে যাওয়ার পর হয়তো এই সমস্যা থাকবে না।