সার্চ কমিটিতে নাম না দেওয়া বিএনপির ‘ভুল’: কৃষিমন্ত্রী
আগামী নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ‘ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক। তবে যারা নাম দিয়েছেন, তাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে। কারণ, সরকার চায় দেশে-বিদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন।“
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যাপক আলোচনার মধ্যে ইসিতে নিয়োগের আইন হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন। সবশেষে সোমবার রাতে সার্চ কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ৩২২ নাম পাওয়া গেছে।
সার্চ কমিটি পরবর্তী সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করার কথা।
ওই তালিকা থেকে অনধিক পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। তাদের মধ্যে একজন হবেন সিইসি, বাকিরা নির্বাচন কমিশনার। আর তাদের উপরই থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।
বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়া, সার্চ কমিটিতে নাম না পাঠালেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, “২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুড়িয়ে মানুষ হত্যা কিরে দেশের অনেক ক্ষতি করেছে। নির্বাচনে না এসে সন্ত্রাস করে বিএনপি যে সরকারের পতন ঘটাবে তা তারা পারবে না। তবে বিএনপি নির্বাচনে আসবে।”
মতবিনিময় সভায় কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
