২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি তাদের মঙ্গল কামনা করি’

অটোরিকশা চালিয়ে সংসারের চাকা ঘুরছিল না; কিছু বেশি কামাইয়ের আশায় পিকআপ ভ্যান চালকের সহকারীর চাকরি নেন। সেখানেও দুর্ভাগ্য চোখ রাঙালে পঙ্গু হয়ে উর্পাজনের পথই বন্ধ হয় মিজান তালুকদারের। সেই মিজানকে একটি মুদির দোকান বানিয়ে দিয়ে ভালোবাসা দিবসে তার চেহারায় আকর্ণ হাসি ফুটিয়েছেন ফরিদপুরের সেচ্ছাসেবী সংগঠন 'আমরা করবো জয়'।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 01:31 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

সোমবার বাদ মাগরিব মিজানের দোকান উদ্বোধন হয়। হেঁটে চলতে না পারার কষ্ট ছাপিয়ে এ সময় মিজানের চোখে ফুটে ওঠে আবার সংসারের হাল ধরতে পারার তৃপ্তি। তাই একবুক প্রশাস্তিতে তিনি বলে ওঠেন, “আমি তাদের মঙ্গল কামনা করি।”

ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেললাইন এলাকার রেজাউল করিম তালুকদারের বড় ছেলে ৩২ বছর বয়সী মিজান দুই মেয়ের বাবা। তার এক মেয়ের বয়স ৮ বছর; নাম মিম। আর আরেকজন ৬ বছর বয়সী লামিয়া আক্তার।

দারিদ্রের কষাঘাতে জর্জরিত জীবন থেকে দুর্ঘটনায় পা হারানো আর তারপরের যাত্রাটা কেমন ছিল জানতে চাইলে মিজান বলেন, তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। ভাড়ায় অটোরিকশা চালিয়ে সংসারের খরচ কুলাতে না পেরে একদিন মিনি পিকআপ ভ্যানের হেলপারি করতে রওনা হন।

গত বছরের অক্টোবর মাসের ২ তারিখ ছিল তার চাকরির প্রথম দিন। সেদিন সন্ধ্যায় ফরিদপুরের কানাইপুর বাজার থেকে পিকআপভ্যানে পান লোড করে রওনা দেন যশোরের উদ্দেশ্যে। রাত ২টার দিকে যশোরের চৌরাশ এলাকায় কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। সেদিন পিকআপ ভ্যানের চালক মো. সোহেলও আহত হয়েছিলেন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

মিজান বলেন, ওই দুর্ঘটনার পর শুরু হয় প্রাণে বেঁচে থাকার লড়াই। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউট ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কাটাতে হয়েছে দিনের পর দিন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। বাম পা কেটে ফেলতে হয় তার। অস্ত্রোপচারে গেছে সাড়ে ৩ লাখ টাকার ধাক্কা। তারপর শুরু হয় তার পঙ্গু জীবন।

সেদিন দুর্ঘটনায় আহত পিকআপভ্যানের চালক সোহেলের কোমরের হাড় ভেঙে যাওয়ার তিনি এখনও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বলে জানালেন মিজান।

একই তো সংসারে অভাব; তার উপর একমাত্র উপার্জনকারীর অক্ষম হয়ে যাওয়ার পর পরিবারের যে কঠিন সময় নেমে আসে তা বলতে গিয়ে গলা ধরে আসে মিজানের। বলেন, “প্রতিদিন ৮’ শ টাকার ওষুধ খেতে হয়। করুণ স্মৃতি আর অভাবে রাতে দুচোখ এক হয় না।”

দুই সন্তানের এ জনক বলেন, “দুর্ঘটনার পর দুই টাকার অভাবে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে আমরা করবো জয় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ একদিন আমার বাড়িতে আসেন। জানতে চান, আমার কি প্রয়োজন। তখন আমি বলি, আমাকে একটি দোকান ঘর করে দিলে আমি সংসার চালাতে পারতাম।”

সৌরভ দোকান ঘর নির্মাণের জন্য অর্থ সহায়তা শুরু করলে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী গোলাম সামধানী খানও এতে ৫০ হাজার টাকা সহায়তা দেন। ধীরে ধীরে টিন, কাঠ, সিমেন্টের খুটি দিয়ে বাড়ির সামনেই দোকান দাঁড়িয়ে যায়। কিনে দেওয়া দোকানের মালামাল।”

“এখন হয়ত আমার সন্তানের স্কুলে যাওয়া আর কেউ আটকাতে পারবে না।” যোগ করেন, ‍খুশিতে আত্মহারা মিজান।

তিনি বলেন, “দুর্ঘটনা আমার জীবনকে অসহায় করে তুলেছিল। এমন সময় মানবিক ভায়েরা আমার পাশে এসে দাঁড়ায়। আমার থমকে যাওয়া জীবনকে আবার গতিশীল করে দেয়। আমি তাদের মঙ্গল কামনা করি।”

আমরা করবো জয় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগঠনের পক্ষ থেকে আমরা সবসময় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। মিজান ভাই একজন আত্মনির্ভরশীল মানুষ। তিনি চেয়েছিলেন তার জন্য একটা দোকান করে দিতে। আমরা তার মুখে হাসি ফোটাতে পেরে আনন্দিত।”

মিজানকে সাহায়তার জন্য সমাজসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এগিয়ে এসছেন। 

সমাজসেবক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, তিনি মিজানের জন্য বিনামূল্যে ওষধের ব্যবস্থা করে দেবেন।

স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামছুল আরেফিন সাগর বলেন, “মিজারের জন্য প্রতিবন্ধী ভাতার আওতায় আনার জন্য কাগজপত্র জমা দিয়েছি।”