কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে এপিবিএন সদস্য আটক
ছিনতাইয়ের অভিযোগে কক্সবাজারে এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ ভবন রোডের পিছনের গলি থেকে শনিবার বিকালে তাকে আটক করা হয় বলে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান।
রোববার দুপুরে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সালাহ উদ্দিন।
আটক নিরঞ্জন দাস (২৮) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের [এপিবিএন] কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানান সালাহ উদ্দিন।
নিরঞ্জন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি এলাকার রায়কান্ত দাসের ছেলে।
আটক নিরঞ্জনকে গত সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
নাইমুল বলেন, এপিবিএন সদস্য নিরঞ্জন গত বছরের মার্চে ছুটিতে গিয়ে বিনা অনুমতিতে অতিবাস যাপন করার অভিযোগে ১৮ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে; যার মামলা নম্বর ০৭/২০২১।
এ মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।
”এছাড়াও গত বছরের ১০ সেপ্টেম্বর থেকেই নিরঞ্জন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরপর ওইদিনই তার বিরুদ্ধে অনুসন্ধান সিসি (কমান্ড সার্টিফিকেট)-০২/২০২১ দায়ের করে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। তাকে কর্মস্থলে উপস্থিত হতে তিন দফায় নোটিশ দিয়েও সন্ধান না পাওয়ায় ১৬ অক্টোবর তার (নিরঞ্জন) বাবা রায়কান্ত দাস বরাবর একটি নোটিশ জারি করা হয়।”
এদিকে, ছিনতাই মামলার এজাহারের বরাতে উখিয়া থানার পরিদর্শক সালাহ উদ্দিন বলেন, শনিবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ ভবন রোডের পিছনের গলিতে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন নিরঞ্জন। এক পর্যায়ে ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহাম্মদ ফারুক নামের এক রোহিঙ্গা যুবককে থামিয়ে নিজেকে এপিবিএন সদস্য বলে পরিচয় দেন।
“তখন ফারুকের ব্যবহৃত মোবাইল ফোন সেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।”
সালাহ উদ্দিন বলেন, ওই সময় ফারুকের চিৎকারে আশপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় উপস্থিত লোকজনের কাছেও তিনি এপিবিএন সদস্য পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা আটক করে পুলিশকে দেন।
“পরে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ছিনতাই করা দুটি মোবাইল সেট, একটি ছোরা ও এপিবিএন সদস্যের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাকে থানায় আনা হয়।”
এ ঘটনায় রোহিঙ্গা যুবক মোহাম্মদ ফারুক এই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ পরিদর্শক।
