২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবীরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 09:59 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

"একই সঙ্গে নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপালন করবেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।"

Image
সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল

সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল

সদ্য অব্যাহতি পাওয়া অধ্যাপক আলমগীর কবীরকে প্রক্টর হিসেবে গত বছরের ২রা সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি আন্দালনে নামে ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলা হয়।

এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন। এক পর্যায়ে তারা আমরণ অনশনে যান। সাতদিন পর আশ্বাস দিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।

অনশন ভাঙলেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝেই অব্যহতি পেয়েছেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন।  অসুস্থতার কারণ দেখিয়ে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।