হবিগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজ-ছাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানিয়েছেন।
নিহত শিফা আক্তার (২০) শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুনারুঘাট উপজেলার শানখলার আব্দুস সালামের মেয়ে।
ওসি বলেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস লাগার পাশাপাশি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শিফা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন তিনি।
পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
