২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে ৩ কর্মকর্তার সাক্ষ্য

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 04:48 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমীনের আদালতে এই তিন কর্মকর্তা সাক্ষ্য দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ।

তারা হলেন- সিলেট রেঞ্জে কর্মরত সহকারী পুলিশ সুপার (এসএসপি) এস কে আলাউদ্দিন, উপপরিদর্শক (এসআই) কাজী শাওন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষগ্রহণ শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, ২০১৪ সালে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে। সেই মামলায় আজ পুলিশের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

একই আদালতে অস্ত্র, চাঁদাবাজি ও আরও একটি মাদক মামলায় নূর হোসেন ও তার সহযোগীদের শুনানি হয় আদালতে। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তীতে শুনানির দিন ধার্য করেছেন বলে জানান আইনজীবী।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন দাশসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। পরে উচ্চ আদালতে ১৫ জনের মৃতুদণ্ড বহাল ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।