ইউপি নির্বাচনে ‘কারচুপি’: সংবাদ সম্মেলনে অভিযোগ পরাজিত ১২ সদস্য প্রার্থীর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্ববা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন পরাজিত ১২ জন ইউপি সদস্য প্রার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শহরের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগের কথা জানান।
রবিউল ইসলাম রানা, আব্দুল মান্নান, ইউসুফ আলী, নিয়ামুল হাসান ও আব্দুল বারীসহ কুসুম্বা ইউপির পরাজিত ১২ পরাজিত সদস্য প্রার্থী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তারা এক লিখিত বক্তব্যে গত ৭ ফেব্রুয়ারি কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘আজব’ ও ‘প্রহসনের’ নির্বাচন উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানান।
পরাজিত ১২ ইউপি সদস্যের অভিযোগ, কুসুম্ববা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ১ ঘণ্টা আগে ব্যালট বাক্স নিজ জিম্মায় নেওয়া, এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তীতে তারা আইনানুগ ব্যবস্থা নিবেন বলেও জানান অভিযোগকারীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইলাইপুর কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।”
আর পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বলতে পারবেন। যারা অভিযোগ করছেন, তারা চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।
