২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে ‘মিয়ানমার সীমান্তরক্ষীর গুলি’, বাংলাদেশি জেলে নিখোঁজ

নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী – বিজিপির  গুলিতে এক বাংলাদেশি জেলে নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 09:23 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার সকালে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নদী সাঁতরে গুরা মিয়া নামের এক জেলে অক্ষত অবস্থায় ফিরে এলেও মোহাম্মদ ইলিয়াছ নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন বলে বিজিবি ও ফিরে আসা গুরা মিয়া জানান।

এই দুই জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাসহ বিজিবির প্রাপ্ত তথ্যের বরাতে শেখ খালিদ বলেন, বুধবার সকালে নাফ নদীর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অন্তত ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে নৌকাযোগে মাছ ধরছিলেন বাংলাদেশি এই দুই জেলে।

“এক পর্যায়ে মিয়ানমারের বিজিপি সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে তারা বাংলাদেশের জলসীমার দিকে পালিয়ে আসার চেষ্টা চালান। এতে এই দুই জেলেকে লক্ষ্য করে বিজিপি সদস্যরা গুলি চালায়।”

শেখ খালিদ বলেন, এ সময় জেলেরা নৌকা থেকে নদীতে লাফ দেন। ঘটনার পর গুরা মিয়া অক্ষত অবস্থায় ফিরে এলেও আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন।

বিজিবির এ কর্মকর্তার ভাষ্য, "নিখোঁজ জেলের ভাগ্যে কী ঘটেছে বিজিবি এখনও নিশ্চিত নয়। সে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ রয়েছে, নাকি বিজিপির সদস্যরা ধরে নিয়ে গেছে তা জানা যায়নি।"

ঘটনার ব্যাপারে বিজিপির সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ প্রক্রিয়া চলছে; চিঠি পাঠিয়ে নিখোঁজ থাকা জেলের ব্যাপারে নিশ্চিত হওয়া চেষ্টা করা হবে বলে শেখ খালিদ জানান।