২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনে হট্টগোল: সিরাজগঞ্জে এবার যুবলীগ সম্পাদককে অব্যাহতি

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে এবার সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 06:20 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

বুধবার যুবলীগ কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুবলীগ কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মঙ্গলবার এই অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল হককে অব্যাহতির বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল।  

দলের জ্যেষ্ঠ নেতাদের সামনে অসৌজন্যমূলক আচরণের কারণে এই ব্যবস্থা নেওয়া হয় বলে ধারণা করছেন দলের একাধিক নেতা। 

সিরাজগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি  

এর আগে সোমবার সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান মতিনকে সংগঠন থেকে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ওই সন্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সন্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন।

তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মঞ্চের সামনে হইচই ও হট্টগোল শুরু করে দেন। এ সময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।