২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি

শৃংখলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান মতিনকে সংগঠন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 07:05 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

সোমবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে দলের একাংশ হইচই ও হট্টগোল করেন।

এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীর ভাষ্য।

রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ওই সন্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সন্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মঞ্চের সামনে হই-হট্টগোল শুরু করেন।

এ সময় মঞ্চে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।