রাবিতে দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার দাবিতে সড়ক অবরোধ
মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দাবি করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এই দাবি জানান তারা।
পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিয়ে মো. ইমন হোসেন নামে একজন শিক্ষার্থী বলেন, “করোনাভাইরাসের কারণে আমরা নির্ধারিত সময়ের এক বছর পর অটোপাস করেছি। রাবিতে সিলেকশন পদ্ধতি থাকায় জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
”যারা সুযোগ পেয়েছে তাদের অনেকে ভর্তি হতে পেরেছে আবার অনেকে বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি। বর্তমানে এসব শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশায় আছে। এ অবস্থায় দাবি একটাই, আমরা দ্বিতীয়বার ভর্তিপরীক্ষায় বসতে চাই।”
এর আগে সোমবার দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার সুযোগ চেয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন একদল শিক্ষার্থী। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তাতে ইতিবাচক সাড়া না পেয়ে বুধবার এই কর্মসূচি পালন করেন বলে তারা জানান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আসাবুল হক বলেন, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দুইজন প্রতিনিধি ঠিক করে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।
এটি দীর্ঘ প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেটে এই দাবিটি উত্থাপন করার পর যদি অধিকাংশ সদস্য পক্ষে মত দেন তবেই দ্বিতীয়বার ভর্তিপরীক্ষার সুযোগ হবে।
২০১৫ সালে তৎকালীন উপাচার্য মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্ত হয়। ২০১৭ সালে এম আব্দুস সোবহান উপাচার্যের দায়িত্বে এসে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পুনরায় চালু করেন। ২০১৯ সালে তা আবার বাতিল করা হয়।
