কুমিল্লার আওয়ামী লীগ নেতা হত্যা: আসামি ইউপি চেয়ারম্যান
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজি উল্লাহকে হত্যা এবং তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে নিহত অজি উল্লাহর স্ত্রী শাহানারা বেগম সোমবার রাতে মামলাটি দায়ের করেন বলে মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির জানান।
মহিউদ্দিন চৌধুরী ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে লক্ষ্মণপুর ইউনিয়নে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সোমবার দুপুরে নিজ গ্রামে অজি উল্লাহকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন জড়িত থাকার অভিযোগ তোলেন অজির চাচাত ভাই মজিবুর রহমান।
মজিবুর সাংবাদিকদের বলেন, “চেয়ারম্যান মহিউদ্দিন মড়হ বাজার থেকে গ্রামের পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ করছেন। সোমবার সকাল ৯টার দিকে মহিউদ্দিন তার লোকজন নিয়ে রাস্তার একপাশে থাকা অজির জমি থেকে মাটি কাটেন। এ সময় অজি রাস্তার দুই পাশ থেকে মাটি কাটতে বলেন। এ নিয়ে কথাকাটাকাটি হলে চেয়ারম্যান সেখানে থেকে চলে যান।
বেলা ১১টার দিকে মহিউদ্দিন মোটরসাইকেল ও অটোরিকশায় করে শতাধিক লোকজন নিয়ে অজির বাড়িঘরে হামলা চালান। পুরো বাড়িঘরে তাণ্ডব চালানোর পর পাশের ঝোপে লুকিয়ে থাকা অজিকে খুঁজে বের করে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যান। আমরা অজি উল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, মঙ্গলবার সকালে অজির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামিরা এলাকা থেকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
