২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কুমিল্লায় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যাসহ বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আরেক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 05:35 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

নিহত অজি উল্লাহ (৬০) জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওয়ার্ডের মড়হ গ্রামের আবদুল মান্নানের ছেলে তিনি।

বিনা ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন নিহত অজি উল্লাহর চাচাত ভাই মজিবুর রহমান।

চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ৩১ জানুয়ারি তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

মজিবুর বলেন, “চেয়ারম্যান মহিউদ্দিন মড়হ বাজার থেকে গ্রামের পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ করছেন। সোমবার সকাল ৯টার দিকে মহিউদ্দিন তার লোকজন নিয়ে রাস্তার একপাশে থাকা অজি উল্লাহর জমি থেকে মাটি কাটেন রাস্তার জন্য। এ সময় অজি উল্লাহ রাস্তার দুই পাশ থেকে মাটি কাটতে বলেন। এ নিয়ে কথাকাটাকাটি হলে চেয়ারম্যান সেখানে থেকে চলে যান।

“বেলা ১১টার দিকে মহিউদ্দিন মোটরসাইকেল ও অটোরিকশায় করে শতাধিক লোকজন নিয়ে অজি উল্লাহর বাড়িঘরে হামলা চালান। পুরো বাড়িঘরে তাণ্ডব চালানোর পর পাশের ঝোপে লুকিয়ে থাকা অজি উল্লাহকে খুঁজে বের করে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান ও তার লোকেরা। একপর্যায়ে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যান। আমরা অজি উল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজি উল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

“পরিবার পিটিয়ে হত্যার কথা বললেও নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”