এবার রাজশাহীতে হবে বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট
মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে এবার রাজশাহীতে হবে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’।
আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই অনুষ্ঠান হবে বলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন জানান।
সোমবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি কমিটির সভা হয়েছে।
সভায় ছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেয়র লিটন, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সভায় অনুষ্ঠানের রূপরেখা উপস্থাপন করা হয়।
মেয়র লিটন বলেন, ২৫ ফেব্রুয়ারি ভারত থেকে ৬০ জনের মতো প্রতিনিধি আসবেন। তার মধ্যে চারজন প্রাদৈশিক মন্ত্রী থাকবেন, সাংস্কৃতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিরা থাকবেন। ২৬ ফেব্রুয়ারি সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে উৎসব শুরু হবে। বিকেলে ঐতিহাসিক রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে অনুষ্ঠানটি তিন পর্বে ভাগ করা হয়েছে। প্রথমে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ অতিথিরা দুই দেশের সম্প্রীতির ব্যাপারে বক্তব্য দেবেন। সেখানে ব্যবসায়িক ব্যাপারেও আলোকপাত করা হবে। এরপর বাংলাদেশ ও ভারতের তারকাশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সভায় জানানো হয়, অন্যান্য দিন কর্মসূচির মধ্যে রয়েছে মেয়রের পক্ষ থেকে ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভা, বরেন্দ্র জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পুঠিয়া রাজবাড়ি, বাঘা মাসজিদ, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন পরিদর্শন।
অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, “আমরা যদি প্রতিবেশীর সঙ্গে সামাজিক সম্পর্ক রাখতে না পারি তাহলে কোনো দিনই আমরা কোনো উন্নতি করতে পারি না। আমরা যদি বাড়ির আশপাশের লোকের প্রতি সামাজিক মনোভাব গড়ে তুলতে না পারি তাহলে সংসারে বা এলাকায় সুখ আসবে না।”
