২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বৃষ্টিতে বাঙ্গি ও তরমুজ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে অসময়ের বৃষ্টিতে তরমুজ ও বাঙ্গি চাষে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 09:47 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

এ বছর জেলায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গি চাষের পরিকল্পনা ছিল বলে জানান গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দু কুমার রায়।

এর মধ্যে আনুমানিক ছয়শ হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গি চাষের জন্য বীজতলা (মাদা ও টপ) তৈরি করা হয়েছিল; কিন্তু অসময়ের বৃষ্টিতে বাঙ্গি ও তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল বলে তিনি জানান।

জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে বলে জানান অরবিন্দু।

গত দুই দিনে গোপালগঞ্জে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া দপ্তর।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, গত দুই দিনের ভারি বর্ষণে কলাবাড়ি ইউনিয়নের তরমুজ ও বাঙ্গি চাষিদের মাদা ও টপ নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের তরমুজ ও ফুটি চাষি সুখচাঁদ বাড়ৈ বলেন, “আমি তিন বিঘা জমিতে তরমুজ চাষের জন্য মাদা তৈরি করেছিলাম। ভারি বর্ষণে আমার সমস্ত মাদা নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমেছে। পানি না শুকালে নতুন করে মাদা তৈরিও করা যাবে না।

”এছাড়াও নতুন করে মাদা তৈরি করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। ফলে তরমুজ দেরিতে ফলবে যা আমাদেরকে আর্থিক ক্ষতির মুখে ফেলবে।”

একই গ্রামের চাষি সজল বাড়ৈ বলেন, তিনি দুই বিঘা জমির বাঙ্গি চাষের চারার জন্য বীজ লাগিয়েছেন। চারার টপ ভারি বর্ষণে নষ্ট হয়ে গেছে।

কৃষি অফিসার নিটুল বলেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করার পাশাপাশি কৃষককে ঘুরে দাঁড়ানোর পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।