বঙ্গোপসাগরে ঝড়ে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার
পূর্ব সুন্দরবনের দুবলার চর এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার সন্ধ্যায় সাগরে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আব্দুর রহমান জানান।
নিহতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মামুন ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের ইসমাইল। মামুন এফবি মা-বাবার দোয়া ট্রলারে আর ইসমাইল এফবি জামিলা ট্রলারে মাছ ধরতেন।
শুক্রবার রাত ১১টার দিকে ঝড়ে পড়ে ১৮টি ট্রলার ডুবে অনেক জেলে নিখোঁজ হন। ডুবে যায় ১৮টি মাছ ধরার ট্রলার।
এ ঘটনায় তিন জেলে নিখোঁজ হন বলে শনিবার দুপুরে বনকর্মীরা জানান।
কোস্টগার্ড কর্মকর্তা আব্দুর রহমান বলেন, শনিবার সকালে নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেন তারা। সন্ধ্যায় দুই জেলের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। স্থানীয় জেলেরা তাদের নাম-পরিচয় শনাক্ত করেন।
রাতে অভিযান বন্ধ করা হলেও রোববার সকালে অন্য নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে তিনি জানান।
