গোপালগঞ্জে ‘সেশন জটে হতাশ হয়ে আত্মহত্যা’ বিশ্ববিদ্যালয় ছাত্রীর
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি সেশন জটে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।
শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃত পল্লবী মণ্ডল (২৩) এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।
করোনাভাইরাস মহামারীতে পড়াশোনা শেষ না হওয়ায় ‘হতাশাগ্রস্ত’ হয়ে ওই শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন বলে স্বজন ও শিক্ষকদের ধারণা।
ডুমুরিয়া থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, রাতে নানির সঙ্গে ঘুমিয়েছিলেন পল্লবী। সকালে রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘হতাশাগ্রস্ত’ হয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন, বলেন ওসি ওবায়দুর রহমান।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি জুবাইদুর রহমান বলেন, “পারিবারিক সূত্রে জেনেছি সেশনজটের কারণে পল্লবী মণ্ডল কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। তার মা এসেছিলেন এ বিষয়ে কথা বলতে। শুনেছি রাত জেগে বিসিএসের প্রস্তুতি নিতেন পল্লবী। কিন্তু করোনা ভাইরার প্রকোপে সৃষ্ট সেশনজটে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।”
এ কারণে এ ছাত্রী কিছুদিন আগে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বলেও তিনি জানান।
