খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নির্মাণ শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপাচার্য মাহমুদ হোসেন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, পদ্মার এপারে এটিই হবে চারতলাবিশিষ্ট সবচেয়ে বড় টিএসসি ও মিলনায়তন। এর ফ্লোরের মোট আয়তন হবে ১০ হাজার বর্গমিটার। সেখানে থাকবে এক হাজার ২০০টি আসন ব্যবস্থা। ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং সোলার সিস্টেম, সিসিটিভি, অগ্নিনির্বাপণ যন্ত্র ও পাঁচটি লিফট সুবিধা থাকবে।
৫৪ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৫৪০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুইবছর।
উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি, প্রকল্প পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।
