কোভিড: রাজশাহীতে ৫ মৃত্যু, ময়মনসিংহে আরও ৫
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটেও মারা গেছেন পাঁচজন।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত পাঁচজনের মধ্যে একজনের কোভিড পজেটিভ ছিল। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকি চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে। এদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহীতে এবং একজন নাটোরে।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। যাদের দুইজনের বয়স ৬০ ও দুইজনের ৫০ বছরের উপরে। আর একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
শামীম বলেন, হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৬৫ জন। যাদের মধ্যে ৩৯ জন আক্রান্ত এবং ২৬ জনের উপসর্গ রয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।
এছাড়া বুধবার হাসপাতালের দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ বলে জানান পরিচালক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের জনের মধ্যে একজন কোভিডে আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের রেহেনা বেগম (৬৮), চাঁন মিয়া (৭০), আব্দুল লতিফ (৫৫), ভালুকার আনসার আলী (৬০) ও টাঙ্গাইল সদরের সেকান্দার আলী (৭০)।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের কোভিড ইউনিটে মোট ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৬ জনের কোভিড পজেটিভ। আর সুস্থ হয়েছেন ১৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের কোভিড ধরা পড়েছে বলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান।
