২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: খুলনা বিভাগে একদিনে পাঁচ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 12:10 AM

Updated : 02 Aug 2022, 02:50 PM

চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

একই সময়ে বিভাগে ২ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ। 

বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইলের একজন করে আছেন।

 শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার সর্বোচ্চ ২০০ জন, কুষ্টিয়ার ১৩২, যশোরের ১১১, চুয়াডাঙ্গার ৭৪, ঝিনাইদহের ৬০, সাতক্ষীরার ৫২, বাগেরহাটের ৩৯, মেহেরপুরের ৩০, মাগুরার ২২ ও নড়াইলের ২০ জন রয়েছেন।

বিভাগের মধ্যে মেহেরপুরে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সর্বোচ্চ ৪৩ দশমিক ৪৮ শতাংশ। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়, ২২ দশমিক ৭ শতাংশ।

বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ২১৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন।