চাঁদপুরে থানায় ঢুকে পুলিশের ওপর ‘হামলা’, গ্রেপ্তার ৩
চাঁদপুরে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা করেছে বিভিন্ন মামলার একদল আসামি; যে ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
চাঁদপুর নৌ থানায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা হয় বলে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান।
এ ঘটনায় বুধবার দুপুরে নৌ থানার এএসআই মো. আলী আকবর বাবুল চাঁদপুর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে পলাশ হোসেন (৩২), একই এলাকার আক্তার মোল্লার ছেলে মো. তাজমির মোল্লা (২৮) ও ইব্রাহিম পাটওয়ারীর ছেলে রাব্বী পাটওয়ারী (৩০)।
এছাড়া একই এলাকার আমান উল্লাহর ছেলে মো. আল আমিনসহ (৩২) অজ্ঞাতনামা আরও এক আসামি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মুজাহিদুল ইসলাম বলেন, “স্বপন নামে একজন বালু বিক্রেতার ওপর হামলা হয়। স্বপন নৌ থানায় আশ্রয় নিলে সেখানেও হামলা হয়। বিভিন্ন মামলার কয়েকজন আসামি, যারা এলাকার চিহ্নিত অপরাধী, সংঘবদ্ধ হয়ে এই হামলা চালায়।
“তারা আমার কক্ষে প্রবেশ করে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে নিয়ন্ত্রণ করতে না পেরে চাঁদপুর মডেল থানায় খবর দিই। তাদের সহযোগিতায় আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হই।”
হামলায় থানার এএসআই মো. আলী আকবর বাবুল, কনস্টেবল মো. ইউনুছ ও অফিস সহকারী রাকিব মিয়া আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান ওসি মুজাহিদুল।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে দেখেছি। তারা প্রত্যেকেই বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি।”
হামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
