গাজীপুরে আগুনে পুড়ল তুলার গুদাম
গাজীপুরের পূবাইল থানায় একটি তুলার গুদাম আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ২টার দিকে লিমন এন্টারপ্রাইজ নামে তুলা ও ঝুটের এই গুদামটিতে আগুন লাগে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।
তবে গুদাম মালিক লাভলু মিয়া দাবি করেছেন, “আগুনে ৫০-৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য একটি চালান রেডি করে এই গুদামে রেখেছিলাম। তার সবই পুড়ে গেছে।”
